নিজস্ব প্রতিবেদক :
সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা সবাইকে দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উপর রহমান।
রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মোখলেস উর রহমান বলেন, মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সময়োপযোগী। তাই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন বেতন স্কেল অনুসারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কর্মকর্তা ও কর্মচারীদের এই ভাতা দেওয়া হবে। একই সঙ্গে পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন। এর ফলে কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের সঙ্গে আরও কিছু আর্থিক সুবিধা পাবেন।
সিনিয়র সচিব বলেন, সচিব থেকে পিয়ন পর্যন্ত সবাই এই ভাতা পাবেন। তবে হয়তো একটা স্লাব করা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই জ্যেষ্ঠ সচিব বলেন, এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে কমিটি সুপারিশ দেবে।
এ সময় বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে গঠিত কমিটির দেয়া সুপারিশ অনুসারেই এটি বাস্তবায়ন হবে বলেও জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া প্রতিবেদন অনুসারে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নির্দেশনা আসলে একদিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে।
এছাড়া জনপ্রশাসন সংস্কার নিয়ে বিএনপির পক্ষ থেকে সংস্কারের সুপারিশ এসেছে বলেও জানান সচিব ড. মো: মোখলেস উর রহমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ’র নেতৃত্বে বিএনপির সংস্কার কমিটির দুই সদস্যের প্রতিনিধি সকালে সচিব মোখলেস উর রহমানের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছেন।
সচিব বলেন, গত ১৪, ১৮ এবং ২৪ এর নির্বাচনে প্রশাসনে যারা জড়িত ছিলেন তাদের বিচার এবং ১৫ বছরে যারা দলীয়ভাবে প্রশাসনে পদোন্নতিসহ সুযোগ সুবিধা পেয়েছেন তাদের বিচারসহ একগুচ্ছ সুপারিশ জমা দিয়েছে বিএনপির কমিটি।