রাঙামাটি জেলা প্রতিনিধি :
রাঙামাটিতে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনায় আরও একজন নিহত হয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। এ নিয়ে নিহত মানুষের সংখ্যা দাঁড়াল ছয়ে।
শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বেতবুনিয়া রাবারবাগান এলাকার চেয়ারম্যানপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ার ডাবুয়া মংশি মারমা’র মেয়ে মিনু মারমাকে(৩৫) চট্টগ্রামের রাউজান উপজেলার জে.কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।
এছাড়া বাকি যারা নিহত হয়েছেন তারা হলেন- চট্টগ্রামের রাউজানের কাজীপাড়ার সোয়ার আলীর ছেলে আবু তোরাব (৪৫), রাঙামাটির কাউখালীর তালুকদার পাড়ার আব্দুর রহিমের মেয়ে নূর নাহার (৪০), রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ার ডাবুয়া মংশি মারমা’র মেয়ে মিনু মারমা(৩৫), চট্টগ্রামের হাটহাজারীর মিরহাটের মাহাবুবুর রহমান বাচ্চু (৫৫), চট্টগ্রামের রাউজানের মো. জয়নাল আবেদীন (৬৩) ও চট্টগ্রামের সীতাকুন্ডের ভাটিয়ারির মৃত গুলজারের ছেলে ইজাদুল (২৫)। ইজাদুল সিএনজি অটোরিকশার চালক ছিলেন। দুর্ঘটনার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, এটা মর্মান্তিক ঘটনা। ছয়জনের মধ্যে তিনজনকে রাঙামাটির মেডিকেলে মর্গে পাঠানো হয়েছে। দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে এবং একজন রাউজানের জেকে মেমোরিয়াল হাসপাতালে আছে। ময়নাতদন্ত শেষে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।