মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :

দুই দফা কমার পর ফের বাড়ল সোনার দাম

প্রতিনিধির নাম / ৭৭ বার দেখা হয়েছে
আপডেট : May 5, 2025
দুই দফা কমার পর ফের বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক : 

টানা দুই দফা কমানোর পর ফের দেশের বাজারে বাড়ানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা দুই হাজার ৩০৯ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৭১ হাজার ২৮৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা এতদিন এক লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা নির্ধারণ করা ছিল।

সোমবার (৫ মে) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (৬ মে) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৭১ হাজার ২৮৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি এক লাখ ৬৩ হাজার ৪৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৪০ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ১৫ হাজার ৯০৫ টাকা।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এদিকে সবশেষ গত ৩ মে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ভরিতে ৩ হাজার ৫৭০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। আর ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৩০১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৩৮ হাজার ২৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ১৪ হাজার ২৯৬ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। যা ৪ মে থেকে কার্যকর হয়েছিল।

দেশের বাজারে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বাজুসের তথ্য অনুয়াযী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা আছে।

এ নিয়ে চলতি বছর ২৮ বার দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হলো। এরমধ্যে দাম বাড়ানো হয়েছে ২০ বার, আর কমেছে মাত্র ৮ বার। অন্যদিকে গত বছর দেশের বাজারে মোট ৬২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে দাম বাড়ানো হয়েছিল ৩৫ বার এবং কমানো হয়েছিল ২৭ বার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর