নিজস্ব প্রতিবেদক :
জুলাই গণহত্যার জন্য শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন।
বুধবার (৯ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন।
পোস্টে শফিকুল আলম লেখেন, জুলাইয়ের গণআন্দোলন নিয়ে বিবিসির গভীর অনুসন্ধানমূলক প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর গণহত্যা চালানোর নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে। যেখানে শতাধিক শিশুর মৃত্যুর কথাও উঠে এসেছে। এই প্রতিবেদন প্রকাশের পর শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আন্তর্জাতিক চাপ আরও বাড়বে। এই গণহত্যার জন্য তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।
তিনি লেখেন, বাংলাদেশের জনগণের ওপর দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে যে দমন-পীড়ন ও হত্যাযজ্ঞ তিনি (শেখ হাসিনা) চালিয়েছেন, তাতে তার এবং তার দ্বারা সংগঠিত ও ব্যবহৃত ঘাতকদের আর কোনো পালানোর পথ নেই।