নিজস্ব প্রতিবেদক :
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা ইতিবাচক রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর যথাসময়ে হবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। প্রায় ঘণ্টাব্যাপী ওই বৈঠকে দু’দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
ভারতীয় হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণ এখনও উন্মুক্ত রয়েছে। সফর নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। দুই দেশের সরকারপ্রধানের সুবিধাজনক ও উপযুক্ত সময়েই বৈঠকটি হবে।
তিনি বলেন, আজকের বৈঠকে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। মূলত সৌজন্য সাক্ষাৎ ও দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে।
দীনেশ ত্রিবেদী বলেন, হুমায়ুন কবিরের সঙ্গে তাঁর সম্পর্ক ব্যক্তিগত পর্যায়ের। কোনো সুনির্দিষ্ট বিষয়ে কথা হয়নি বলেও জানান তিনি। আলোচনা নিয়ে নিজেদের ভালো অনুভূতির কথাও ব্যক্ত করেন হাইকমিশনার।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, আমাদের অবশ্যই যথাযথ সময় দিতে হবে। ভারত সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণ এখনও উন্মুক্ত আছে। যখনই দুই প্রধানমন্ত্রী মনে করবেন, তখনই সফরটি হবে।
আগামী নভেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাব্য তারিখ হয়েছে কিনা জানতে চান এক সাংবাদিক। জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রীর সফর নিয়ে কিছু বেশি আলোচনা আগে যা হয়েছিল, আবার আমি বলি আমাদের আমন্ত্রণ দেওয়া আছে। এটা নিয়ে আমার মনে হচ্ছে না এবারে কোনো তাড়াহুড়োর দরকার আছে। যখন সময় হবে, নিশ্চয়ই হবে। সবকিছু ইতিবাচক। তবে আমাদেরকে অবশ্যই যথাযথ সময় দিতে হবে। একটা সময়ের মধ্যে সব ইতিবাচক হবে।
ভারতীয় হাইকমিশনার বলেন, কোনো কিছু নিয়ে প্রশ্ন নেই। আমি ইতিবাচক, মিনিস্টার ইতিবাচক, বাংলাদেশের মানুষ ইতিবাচক। আমিতো সব সময় যখন রাস্তায় হাঁটি, লোকেদের সঙ্গে কথা বলি, সবকিছু ইতিবাচক। উভয় পক্ষে (বাংলাদেশ ও ভারতে) রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে। ওইটা তো সব হয়ে যাবে। এটা কাজের মাধ্যমে অগ্রগতি হবে, কিন্তু সবকিছু ইতিবাচক এবং আমি নিশ্চিত আমরা খুব আশাবাদী। যখন দুই দেশের সরকারপ্রধান একটা সুবিধাজনক সময় পাবেন, আমি নিশ্চিত ঘটনা ঘটবে।
তিনি আরও বলেন, আমি তাকে হাইকমিশন এবং ভারতের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছি এবং আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর নিয়ে অভিনন্দন জানিয়েছি। এটা মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল বলেও যোগ করেন ভারতীয় দূত।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, নতুন দায়িত্ব পাওয়ার পর ভারতের হাইকমিশনারের সঙ্গে এটি তার প্রথম সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে খুব ভালো, আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
হুমায়ুন কবির বলেন, অবশ্যই কিছু চ্যালেঞ্জ আছে। এসব চ্যালেঞ্জ আমরা সংলাপ ও আলোচনার মাধ্যমে অতিক্রম করব। আমরা আশাবাদী, এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব।
সম্ভাব্য সফরের বিষয়ে তিনি বলেন, কোনো এক পর্যায়ে, যখন সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে, তখন সফর হতে পারে। আমরা এ বিষয়ে ইতিবাচক। কিছু চ্যালেঞ্জ আছে। আলোচনার মাধ্যমে আমরা সেগুলো সমাধানের চেষ্টা করছি। ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে।
ভারতে প্রধানমন্ত্রীর সফরের সময় বা তারিখ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা- জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, পারস্পরিকভাবে অনুকূল একটি জায়গায় পৌঁছানোর পরই সফরের সময় ও তারিখ নিয়ে আলোচনা হবে।
নভেম্বরে সফর হতে পারে-এমন গুঞ্জনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আলোচনা চলছে। গুঞ্জন নিয়ে আমি কথা বলি না, আমি বাস্তবতা নিয়ে কথা বলি।
তিনি আরও বলেন, বাস্তবতা হচ্ছে, আজ আমাদের খুব ভালো বৈঠক হয়েছে। আমি খুবই আশাবাদী যে খুব শিগগিরই ইতিবাচক ফলাফল আসতে পারে।







