আজকাল মৃত্যু সংবাদ এলেই বেশিরভাগ সময় শোনা যাচ্ছে মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক। স্বাভাবিকভাবেই তাই এই দুই স্বাস্থ্য সমস্যা নিয়ে মানুষের মনে ভীতি কাজ করছে। হার্ট অ্যাটাক আর স্ট্রোকের ঝুঁকি এড়াতে চাইলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি।
গবেষণা অনুযায়ী, গত ১০ বছরে বিশ্বজুড়ে হার্ট অ্যাটাকের রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। করোনার পর এমন ঘটনাও সামনে এসেছে যেখানে দেখা গেছে খুব অল্পবয়সী মানুষও হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছেন। এর প্রধান কারণ আমাদের খারাপ জীবনধারা। ধীরে ধীরে যা আমাদের শরীরে প্রভাব ফেলে।
খারাপ জীবনধারা মানে এমন নয় যে একদিন অস্বাস্থ্যকর কিছু খেলেই হার্ট অ্যাটাক হবে। কিন্তু দিনের পর দিন কাজের চাপ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ঘুমের অভাব, শরীরচর্চার ঘাটতি খারাপ প্রভাব ফেলছে শরীরে। ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপের মতো সমস্যা হচ্ছে প্রকট। উচ্চ কোলেস্টেরলের কারণে, রক্তনালীগুলি ব্লক হতে শুরু করে এবং শরীরের অঙ্গগুলি সঠিকভাবে রক্ত ও অক্সিজেন পায় না।
দেহে খারাপ কোলেস্টেরল মাত্রা বেড়ে গেলে হার্ট অ্যাটাকের মতো মারাত্মক অবস্থা হতে পারে। তাই সুস্থ থাকতে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা উচিত। আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে উচ্চ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা যায়। এমন একটি পাতা রয়েছে যা রোজ সকালে পানিতে সেদ্ধ করে খেলে নিয়ন্ত্রণে রাখা সম্ভব কোলেস্টেরলকে। বলছিলাম কারি পাতার কথা।
কোলেস্টেরল কমাতে খুবই উপকারী ভূমিকা রাখে কারি পাতা। এই পাতায় অ্যান্টি অক্সিডেন্টের পরিমাণ অনেক বেশি। এর মাধ্যমে খারাপ কোলেস্টেরল কমানো যায়। এছাড়া কারি পাতা সেদ্ধ করা পানি পান করলে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ে।
এই পানি ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এছাড়াও শরীরে জমে থাকা ময়লা পরিষ্কার করে শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে কারি পাতা।
প্রতিদিন কারি পাতার রস বা পানি পান করলে শরীরে জমে থাকা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করে। ফলে হৃদরোগের ঝুঁকিও কমে। এটি রক্তে শর্করা কমায় এবং ওজন কমাতেও সাহায্য করে।
কীভাবে কারি পাতার পানি তৈরি করবেন?
১ গ্লাস পানিতে ৮-১০টি কারি পাতা দিন। তার আগে পাতাগুলো ভালো করে ধুয়ে নিন। চুলায় কারিপাতাযুক্ত পানি ভালোভাবে ফুটিয়ে নিন। এই পানি ছেঁকে পান করুন। প্রতিদিন সকালে খালি পেটে কারি পাতার পানি পান করলে তা খারাপ কোলেস্টেরল কমবে। পাশাপাশি মিলবে আরও অনেক উপকারিতা।