একসময় পেঁপেকে গ্রীষ্মকালীন ফল বলা হতো। তবে এখন বছরজুড়ে ফলটির দেখা মেলে। উপকারিতার দিক বিবেচনায় চিকিৎসকরা পেঁপেকে সুপারফুডের তকমা দিয়েছেন। উচ্চমাত্রার ফাইবার বা আঁশ এবং কম গ্লাইসেমিক সূচক সমৃদ্ধ একটি ফল পেঁপে। এতে আছে ভিটামিন, খনিজ ও অ্যান্টি-অক্সিডেন্টের মতো উপকারি সব উপাদান।
উপকারি হলেও পেঁপের সঙ্গে যা ইচ্ছে তা খাওয়া যাবে না। এমন কিছু খাবার রয়েছে যা পেঁপের সঙ্গে মিলিয়ে খেলে উপকার তো মিলবেই না, উল্টো ক্ষতি হতে পারে শরীরের। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
কাঁচা ও পাকা পেঁপে
কাঁচা পেঁপেতে ল্যাটেক্সের পরিমাণ পাকা পেঁপের তুলনায় বেশি থাকে। দুই ধরনের পেঁপে একসঙ্গে খেলে কাঁচা পেঁপেতে বিদ্যমান ল্যাটেক্স গলা ও মুখে জ্বালাপোড়া ভাব তৈরি করতে পারে। যাদের ল্যাটেক্স অ্যালার্জি রয়েছে তাদের সমস্যা বেশি হতে পারে। পেঁপেতে এমন এনজাইম আছে, যা প্রোটিনকে ভেঙে দিতে পারে। তাই এই ফলের সঙ্গে মাংস, মাছ কিংবা টফুর মতো উচ্চ প্রোটিনযুক্ত খাবার না মেশানোই ভালো।
দুধ ও দুগ্ধজাত পণ্য
পেঁপেতে রয়েছে পাপেইন ও কাইমোপাপেইন নামক এনজাইম, যা দুধকে দই করে ফেলতে পারে। তাই পেঁপের সঙ্গে দুধ বা দুগ্ধজাত কিছু খেলে হজমে সমস্যা দেখা দিতে পারে। এতে গ্যাস্ট্রিক, পেট ফোলা ভাব, পেটে অস্বস্তি দেখা দেয়।
আচারজাতীয় খাবার
আচারের মতো খাবারে থাকা প্রোবায়োটিক ও এনজাইমকে পেঁপেতে বিদ্যমান এনজাইম ভেঙে দেয়। তাই পেঁপের সঙ্গে আচারজাতীয় খাবার খাবেন না। পেটের সমস্যা দেখা দিতে পারে।
চর্বিযুক্ত খাবার
পেঁপের সঙ্গে চর্বিযুক্ত খাবার মিশিয়ে খেলে পেট ফুলে যাওয়া বা বদহজমের মতো সমস্যা দেখা দিতে পারে। ভাজা খাবার, চর্বিযুক্ত মাংস কিংবা ক্রিমযুক্ত সসের মতো খাবারগুলো হলো উচ্চ চর্বিযুক্ত। এসবের সঙ্গে ভুলেও পেঁপে খাবেন না।
সাইট্রাস জাতীয় ফল
কমলা, লেবু বা জাম্বুরার মতো ফলে উচ্চমাত্রার ভিটামিন সি থাকে। তাই সাইট্রাস জাতীয় ফল এবং পেঁপে একসঙ্গে খেলে অ্যাসিডিটি হতে পারে। শুধু তা-ই নয়, এটি পেটব্যথা, পেটে অস্বস্তি কিংবা ডায়রিয়ারও কারণ হতে পারে। তাই এই দুই ধরনের ফল একসঙ্গে খাবেন না।
ঝাল মশলাদার খাবার
এমনিতেই বেশি ঝালযুক্ত খাবার খেলে অনেকসময় পেটে সমস্যা দেখা দেয়। এর সঙ্গে পেঁপে যুক্ত করলে সমস্যাটি প্রকট হতে পারে। বিশেষ করে যারা হজমের সমস্যায় ভুগছেন, তাদের এমনটা করা একদমই ঠিক হবে না।
চা
চায়ের সঙ্গে ভুলেও পেঁপে খাবেন না। চায়ে থাকা ট্যানিন ও ক্যাফেইন আর পেঁপেতে থাকা পাপেইন এনজাইম মিলে গোলযোগ দেখা দিতে পারে। দেখা দিতে পারে গ্যাস্ট্রোইনটেস্টিনাল বা পরিপাকনালির সমস্যা।