শীত মানেই উৎসবের মৌসুম। শীত মানেই মিঠেকড়া রোদে ঘুরে বেড়ানো। সেই সঙ্গে আছে পিকনিক, হইচই আর বিয়েবাড়ির অনুষ্ঠান। শখ করে এমন সময়েই চুলে পছন্দের রঙ করিয়েছেন। এ সময় রঙ করা চুলের যত্ন-আত্তি কীভাবে নেবেন আপনি? সেই রঙিন চুলে বেশি দিন রাখার উপায় থাকে কি? কীভাবেই বা রঙিন চুল যত্নে রাখবেন আপনি? সেই উপায় আপনার জানা উচিত। চলুন জেনে নেওয়া যাক শীতে রঙিন চুলের যত্ন।
১. শীতের মৌসুমে বেড়ানো কিংবা পিকনিক, রোদের তাপ ও ধুলা-ময়লায় রঙিন চুলের ক্ষতি হতে পারে। সে কারণে ব্যবহার করতে পারেন টুপি। ঠান্ডা জাঁকিয়ে পড়লে বা পাহাড়ি এলাকায় বেড়াতে গেলে রঙবাহারি উলের টুপি বেশ মানাবে। কম ঠান্ডার জায়গায় ডেনিম বা সুতির কাপড়ের ‘ক্যাপ’ জিন্স, টপের সঙ্গে মানানসই লাগবে।
২. রঙ করা চুল দিনভর খুলে না রেখে খোলা জায়গায় ঘোরাঘুরির সময় বেঁধেও নিতে পারেন। ক্লিপ বা ববি পিন দিয়ে চুলের উপরিভাগের অংশ কায়দা করে আটকে নিলেও দেখতে ভালো লাগবে।
৩. ডগা ফাটার সমস্যা রয়েছে? তা হলে নিয়মিত সেই ফাটা চুল ছেঁটে নেওয়া জরুরি। চুল ছাঁটা আর কাটা কিন্তু এক নয়। চুলের ডগা ফেটে গেলে, সেই অংশটুকু কাঁচির সাহায্যে কেটে নিতে হবে।
৪. নিয়মিত শ্যাম্পু, গরম পানিতে স্নান শীতের মৌসুমে রঙ করা চুলের জন্য ক্ষতিকর হতে পারে। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকায় চুল শুষ্ক হয়ে পড়ে। গরম পানিতে স্নান করলে সমস্যা আরও বাড়বে।
৫. চুলে রঙ বেশি দিন ধরে রাখতে হলে উপযুক্ত শ্যাম্পু বেছে নিতে হবে। রঙ করা চুলের জন্য বিশেষ ধরনের শ্যাম্পু পাওয়া যায়।
৬. রঙে রাসায়নিক থাকে। তার প্রভাবে চুল অনেক সময় রুক্ষ হয়ে যায়। ফলে শ্যাম্পুর পর ভালো মানের কন্ডিশনার ব্যবহার করা জরুরি।
৭. স্নান করার পর হেয়ার ড্রায়ার বা চুল শুকানোর বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার না করাই ভালো। এতে চুলের ক্ষতি হওয়ার পাশপাশি তাপে রঙ নষ্ট হতে পারে। স্ট্রেটনার, কার্লার ঘন ঘন ব্যবহার করলেও রং দ্রুত হালকা হয়ে যেতে পারে।