সিলেট জেলা প্রতিনিধি :
সিলেটের ওসমানীনগর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বাস চালকের সহকারী নিহত হয়েছেন। চালক-যাত্রীসহ আহত হয়েছেন অন্তত ১০ জন।
শনিবার (৫ জুলাই) ভোরে ওসমানীনগর উপজেলার কুরুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রাজু। তিনি ইউনিক পরিবহনের হেলপার ছিলেন। তার বাড়ি ফরিদপুর জেলায়।
শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, ইউনিক পরিবহনের বাসটি সিলেট থেকে ঢাকায় ও এনা পরিবহনের বাসটি ঢাকা থেকে সিলেট আসার পথে মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইউনিক বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যান। এছাড়া দুই বাসের চালক ও যাত্রীসহ ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।
তিনি আরো বলেন, পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।