মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
Banner

লিবিয়া থেকে ফিরলেন আরো ১৭০ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক / ০ বার দেখা হয়েছে
আপডেট : May 25, 2026

নিজস্ব প্রতিবেদক :

সমুদ্রপথে ইউরোপ যাওয়ার জন্য লিবিয়ার বেনগাজি শহরে আটকে পড়া আরো ১৭০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে সরকার।

সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৮টার দিকে বুরাক এয়ারের ফ্লাইটে তাদের দেশে ফেরার তথ্য দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়ার বেনগাজী থেকে তাদের ফিরিয়েছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এদের বেশির ভাগই সমুদ্রপথে ইউরোপ যেতে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিল। তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা প্রত্যাবাসিত বাংলাদেশিদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনসচেতনতা বাড়াতে তাদের এই দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এ নিয়ে চলতি বছর লিবিয়ায় আটক অন্তত ৮৯৩ বাংলাদেশি দেশে ফিরলেন। আটক অন্যদের ফেরানোর প্রচেষ্টা অব্যাহত থাকার কথা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আইওএমের তথ্য বলছে, মে মাসে মাঝামাঝি সময় পর্যন্ত সাগরপথে ইউরোপে পা বাড়ানো ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৮১১ জন আটক হয়েছেন লিবিয়ায়। এই সময়ে ৮২২ জন নিখোঁজ বা নিহত হয়েছেন। এর মধ্যে বাংলাদেশিদের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

২০২৫ সালে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে যাওয়ার পথে ২৭ হাজার ১১৬ জনকে আটক করা হয়েছিল। ওই সময়ে ১ হাজার ৬৯৯ জনের নিখোঁজ বা মৃত্যুর তথ্য দেয় আইওএম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর