বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাক সংঘর্ষে নিহত ২

রাজশাহী জেলা প্রতিনিধি / ৭ বার দেখা হয়েছে
আপডেট : June 10, 2026
রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাক সংঘর্ষে নিহত ২

রাজশাহী জেলা প্রতিনিধি :

রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে মাহিন্দ্রা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলার খাড়ইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম আব্দুল্লাহ আল ফিরোজ (৪০)। তিনি ইসলামী ব্যাংকের মোহনপুর উপজেলার কেশরহাট শাখার ক্যাশ ইনচার্জ। বাড়ি নওগাঁর মান্দা উপজেলার চক শ্যামরাই গ্রামে। তাঁর বাবার নাম মোহাম্মদ আলী। প্রায় ৫০ বছর বয়সী অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। আহত এক নারীসহ চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, খাড়ইল মিলঘর এলাকায় একটি যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মাহিন্দ্রায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। এসময় দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন ব্যাংকের কর্মরত ফিরোজ। পরে আহত অন্যদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে মোহনপুর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। নিহত ফিরোজের মরদেহ উদ্ধার করে মোহনপুর থানায় নেওয়া হয়েছে।

রামেক হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স মো. উজ্জ্বল জানান, নিহত দুজনের কারও পরিচয় তাঁরা জানেন না। অজ্ঞাত হিসেবে তাঁদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর আহত চারজনকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোদাশ্বের হোসেন খান জানান, হতাহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়েছেন। নিহত ও আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর