নিজস্ব প্রতিবেদক :
দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ৩৪ হাজার ৭১৪টি শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। জনস্বার্থে এসব পদে দ্রুত নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এসংক্রান্ত একটি চিঠি জারি করা হয়।
চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) মানবসম্পদ তথ্যব্যবস্থা (এইচআরআইএস) অনুযায়ী, ১১ থেকে ১৬তম গ্রেডে ২০ হাজার ৮১৬টি পদ এবং ১৭ থেকে ২০তম গ্রেডে ১৩ হাজার ৩৮৯টি পদ শূন্য রয়েছে। সব মিলিয়ে শূন্য পদের সংখ্যা ৩৪ হাজার ৭১৪।
এসব শূন্য পদ রয়েছে দেশের বিভিন্ন বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়, মেডিক্যাল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, সিভিল সার্জনের কার্যালয়, জেলা সদর হাসপাতাল, ১০০, ২৫০ ও ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে।
স্বাস্থ্যসেবা বিভাগ জানিয়েছে, দীর্ঘদিনের জনবল সংকটের কারণে স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। রোগীদের প্রয়োজনীয় সেবা দিতে গিয়ে হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে জনস্বার্থে শূন্য পদগুলো দ্রুত পূরণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। চিঠির অনুলিপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিনের শূন্য পদগুলো পূরণ করা গেলে স্বাস্থ্য খাতের জনবলসংকট কিছুটা কমবে। একই সঙ্গে হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে সেবার মান ও সক্ষমতা বাড়ানো সম্ভব হবে।