মৌমাছি বা বোলতার হুল ফোটার পর শুধু ব্যথা বা ফোলাভাবই নয়, কারও কারও শরীরে তীব্র অ্যালার্জিক প্রতিক্রিয়াও দেখা দিতে পারে। শ্বাসকষ্ট, মুখ-ঠোঁট ফুলে যাওয়া, মাথা ঘোরা কিংবা সারা শরীরে র্যাশ দেখা দিলে পরিস্থিতি প্রাণঘাতী হয়ে উঠতে পারে। তাই হুল ফোটার পর আতঙ্কে কিছু করার আগে জেনে নিন, কোন ভুলগুলো এড়িয়ে চলবেন আর কী করবেন।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে চিকিৎসক অন্বিত ভট্টাচার্য হুল ফোটার পর করণীয় ও বর্জনীয় সম্পর্কে সতর্ক করেছেন।
১) আঙুল বা টুইজার দিয়ে চেপে হুল বের করবেন না
- হুল আটকে থাকলে অনেকেই তাড়াহুড়ো করে আঙুল দিয়ে চেপে বা টুইজার দিয়ে টেনে বের করার চেষ্টা করেন। তবে এভাবে নাড়াচাড়া না করাই ভালো। বিশেষ করে মৌমাছির হুলের সঙ্গে বিষের থলি যুক্ত থাকতে পারে। সেটি চেপে ধরলে আরও বিষ শরীরে ঢোকার আশঙ্কা থাকে। তাই হুল সরানোর সময় চাপ না দিয়ে সাবধানে পাশ থেকে চেঁছে বের করার পরামর্শ দেওয়া হয়।
২) টুথপেস্ট বা চুন লাগাবেন না
- হুলের ব্যথা কমাতে টুথপেস্ট, চুন কিংবা অন্য কোনো ঘরোয়া টোটকা ব্যবহার করেন অনেকে। কিন্তু এসবের প্রমাণিত কোনো উপকার নেই। বরং আক্রান্ত স্থানে অপরিষ্কার কিছু লাগালে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে।
৩) শ্বাসকষ্টকে সাধারণ উপসর্গ ভাববেন না
- হুল ফোটার পর জায়গাটি ফুলে যাওয়া বা ব্যথা হওয়া স্বাভাবিক হতে পারে। কিন্তু এর সঙ্গে শ্বাসকষ্ট, মুখ-ঠোঁট ফুলে যাওয়া কিংবা সারা শরীরে র্যাশ দেখা দিলে তা অবহেলা করা যাবে না। এগুলো তীব্র অ্যালার্জিক প্রতিক্রিয়ার লক্ষণ হতে পারে।
কী করবেন?
১) হুল আটকে থাকলে পাশ থেকে চেঁছে বের করুন
- হুল ত্বকে আটকে থাকলে ক্রেডিট কার্ডের মতো সমতল বা ভোঁতা কোনো জিনিস দিয়ে পাশ থেকে চেঁছে বের করার চেষ্টা করা যেতে পারে। চেপে ধরে টানাটানি করবেন না।
২) আক্রান্ত স্থান পরিষ্কার করুন
- হুল বের করার পর সাবান ও পরিষ্কার জল দিয়ে জায়গাটি ভালোভাবে ধুয়ে নিন। এরপর কাপড়ে জড়ানো বরফ দিয়ে ঠান্ডা সেঁক দিতে পারেন। সরাসরি ত্বকের ওপর বরফ দেবেন না।
৩) মুখ বা গলার ভেতরে হুল ফুটলে হাসপাতালে যান
- মুখ, জিহ্বা বা গলার ভেতরে হুল ফুটলে বিষয়টি হালকাভাবে নেওয়া উচিত নয়। দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া জরুরি।
৪) গুরুতর অ্যালার্জির লক্ষণ দেখলে দেরি নয়
- হুল ফোটার পর শ্বাসকষ্ট, মুখ-ঠোঁট বা গলা ফুলে যাওয়া, মাথা ঘোরা কিংবা সারা শরীরে র্যাশ দেখা দিলে তা অ্যানাফাইল্যাক্সিসের লক্ষণ হতে পারে। এমন পরিস্থিতিতে দ্রুত জরুরি চিকিৎসা নেওয়া প্রয়োজন।
ছোট্ট একটি হুল, কিন্তু ভুল পদক্ষেপে বড় বিপদ। তাই মৌমাছি বা বোলতার হুল ফুটলে আতঙ্কে যেকোনো ঘরোয়া টোটকা ব্যবহার না করে সঠিকভাবে প্রাথমিক ব্যবস্থা নিন। গুরুতর কোনো উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে যান।







