সবুজ ক্যাপসিকাম পুষ্টিতে ভরপুর একটি সবজি। এই সবজি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে ওজন কমাতে সাহায্য করে। চলুন, জেনে নেই সবুজ ক্যাপসিকামের উপকারিতা।
সবুজ ক্যাপসিকাম নানা গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজের ভালো উৎস।
এতে রয়েছে:
ভিটামিন সি: এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বকের স্বাস্থ্য বজায় রাখে এবং ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে।
ভিটামিন বি-৬: মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়। স্নায়বিক সমস্যার ঝুঁকি কমায়।
ভিটামিন ই: কোষের সুরক্ষা করে ও বয়সজনিত ক্ষতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।
পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম: হৃদরোগের ঝুঁকি কমায়। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
সবুজ ক্যাপসিকামে থাকা ফ্ল্যাভোনয়েড ও অ্যান্টিঅক্সিডেন্ট কোষের অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে ক্যান্সারের ঝুঁকি কমায়। এটি শরীরের ফ্রি র্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করে এবং প্রদাহজনিত সমস্যা কমাতে সাহায্য করে।
সবুজ ক্যাপসিকামে ক্যালোরি কম। তবে এটি প্রচুর পরিমাণে ফাইবার ও জলীয় উপাদান সমৃদ্ধ। এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং ক্ষুধার অনুভূতি কমায়।
সবুজ ক্যাপসিকামে থাকা পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি রক্তনালীগুলোকে প্রসারিত করে এবং হৃদযন্ত্রের ওপর চাপ কমায়। ফলে হৃদরোগের ঝুঁকি হ্রাস পায়।
সবুজ ক্যাপসিকামের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ভিটামিন সি ও ই ত্বক ও চুলের জন্য খুবই উপকারী। ভিটামিন সি কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বককে উজ্জ্বল রাখে। ভিটামিন বি-৬ ও অ্যান্টিঅক্সিডেন্ট চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমায়।