শরীরচর্চা বা শারীরিক ব্যায়াম হল এক ধরনের শারীরিক কার্যক্রম। যা শরীরকে সুস্থ রাখতে সহযোগিতা করে। শরীরচর্চার মাধ্যমে মানুষ শারীরিক ও মানসিক, দুই ভাবেই সুস্থ থাকেন। নিয়মিত শরীরচর্চায় ওজন নিয়ন্ত্রণে থাকে। যারা নিয়মিত শরীরচর্চা করেন, তারা স্বাস্থ্যঝুঁকিতে কম পড়েন। এ ছাড়া হার্টের সমস্যা, হাঁটু ব্যথা, রক্তচাপের সমস্যা, ডায়াবিটিস রোগীদের ক্ষেত্রে শরীরচর্চায় সুফল পাওয়া যায়।
শরীরচর্চার করলে মানুষ সুস্থ থাকেন। তবে অনেকেই আছেন, যারা শরীরচর্চা করার পর ক্লান্ত হয়ে পড়েন। এমনকি হাতে–পায়ে ব্যথাও শুরু হয়। একটা পর্যায়ে গিয়ে হয়ত হাত–পায়ের ব্যথা হয়তো কমে যেতে পারে। কিন্তু ক্লান্ত শরীর নিয়ে শরীরচর্চা করতে ইচ্ছে করবে না। যারা জিমে যান, তারা এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হন বেশি।
আসুন জেনে নিন, এই সমস্যা সমাধানে করণীয় উপায় কী হতে পারে–
১. শরীরচর্চার মাধ্যমে শরীর থেকে ঘাম বের হয়। এটা শরীরের জন্য ভালো লক্ষণ। তবে সুস্থ থাকতে শরীরচর্চার পাশাপাশি পর্যাপ্ত পানি পান করুন। এতে শরীর থেকে যে ঘাম বের হচ্ছে, পানি সেই অভাব পূরণ করবে।
২. শুধু পানি পান করলেই হবে না। পাশাপাশি ফলের জুস পান করতে পারেন। এখন অনেক মৌসুমি ফলের সময়। চাইলে নিয়মিত ফলের জুস পান করতে পারেন।
৩. এ ক্ষেত্রে লেবু পানি দারুণ কাজ করবে। দেখবেন এক গ্লাস লেবু পানিতে শরীরের ক্লান্তি অনেকাংশে কেটে যাবে।
৪. আপনি যদি নিয়মিত শরীরচর্চা করেন, তাহলে ঠিকমতো খাওয়া–দাওয়া করতে হবে। এ ক্ষেত্রে পুষ্টিকর খাবারের প্রয়োজনীয়তা অনেক বেশি। যদি শরীরে পুষ্টির ঘাটতি দেখা দেয়, সেক্ষেত্রে নিয়মিত শরীরচর্চা করেও কোনো লাভ হবে না। তাই খাদ্যতালিকা থেকে পুষ্টিকর খাবার বাদ দেওয়া যাবে না।
৫. খুব ভালো হয় পুষ্টিবিদের পরামর্শে খাবারের তালিকা তৈরি করলে। এতে সুস্থতা নিয়ে আর কোনো সংশয় থাকবে না। আপনার শরীরে ভিটামিন, প্রোটিন, কার্বোহাইড্রেট কী পরিমাণে প্রয়োজন, তা পুষ্টিবিদ বলে দিতে পারবেন।
৬. নিজের ওজন নিয়ন্ত্রণে রাখুন। সুস্থ থাকার অন্যতম বিষয় হলো নিজের ওজন নিয়ন্ত্রণে রাখা। আপনি সারাদিন খা খুশি তা খেলেন, আর নিয়ম করে প্রতিদিন শরীরচর্চা করলেন। এতে লাভের কোনো কিছুই হবে না।
৭. রাতে বেশি খাবার না খাওয়াই ভালো। এটি স্বাস্থ্যের জন্য উপকারী। তবে ঘুমানোর ঘণ্টা দুয়েক আগে রাতের খাবারের পর্ব শেষ করুন।
৮. শুধু শরীরচর্চা করলেই হবে না। পাশাপাশি শরীরকে বিশ্রামও দিতে হবে। তাই একি নিয়মে রাতে ঘুমাতে যান এবং ভোরে ঘুম থেকে জেগে উঠুন।