রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
Banner

চোখ ভালো রাখতে প্রতিদিন করুন ১০ সহজ চোখের ব্যায়াম

প্রতিনিধির নাম / ৪ বার দেখা হয়েছে
আপডেট : June 10, 2026
চোখ ভালো রাখতে প্রতিদিন করুন ১০ সহজ চোখের ব্যায়াম

ডিজিটাল পর্দার সামনে দীর্ঘ সময় কাটানো, অতিরিক্ত পড়াশোনা কিংবা কাজের চাপ—সব মিলিয়ে চোখের ক্লান্তি এখন খুবই সাধারণ সমস্যা। অনেকেই মনে করেন, চোখের ব্যায়াম করলে দৃষ্টিশক্তি পুরোপুরি ফিরে আসে। তবে বিশেষজ্ঞদের মতে, চোখের ব্যায়াম চশমার পাওয়ার কমায় না বা নিকটদৃষ্টি-দূরদৃষ্টির মতো সমস্যা সারিয়ে তোলে না। তবে এটি চোখের চাপ কমাতে, মনোযোগ বাড়াতে এবং চোখের পেশিকে সক্রিয় রাখতে সাহায্য করতে পারে।

চিকিৎসকরা বলছেন, নিয়মিত কিছু সহজ ব্যায়াম করলে চোখের ক্লান্তি কমে, রক্তসঞ্চালন বাড়ে এবং চোখ আরও স্বস্তিতে থাকে।

যে ১০ ব্যায়াম চোখের জন্য উপকারী:

কাছে-দূরে তাকানোর অনুশীলন

একটি কলম নাকের কাছে ধরে তার দিকে তাকান। এরপর দূরের কোনো বস্তুর দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে আবার কলমের দিকে নজর দিন। প্রতিদিন কয়েকবার এই অনুশীলন করলে মনোযোগ ধরে রাখতে সাহায্য করে।

আটের মতো আকৃতি কল্পনা করা

দূরের একটি স্থির বিন্দুর দিকে তাকিয়ে মনে মনে আটের মতো আকৃতি অনুসরণ করুন। এতে চোখের পেশির নমনীয়তা বাড়ে।

হাতের তালু দিয়ে বিশ্রাম

দুই হাত ঘষে গরম করে চোখ বন্ধ অবস্থায় চোখের ওপর আলতোভাবে রাখুন। এতে চোখের ক্লান্তি কমতে পারে।

বারবার পলক ফেলা

অনেকক্ষণ পর্দার দিকে তাকিয়ে থাকলে পলক ফেলার হার কমে যায়। নিয়মিত পলক ফেললে চোখের শুষ্কতা ও জ্বালাপোড়া কমে।

২০-২০-২০ নিয়ম

প্রতি ২০ মিনিট পর ২০ ফুট দূরের কোনো বস্তুর দিকে অন্তত ২০ সেকেন্ড তাকিয়ে থাকুন। এতে চোখের চাপ কমে।

বুড়ো আঙুলে নজর রাখা

হাত সোজা করে বুড়ো আঙুলের দিকে তাকান। এরপর ধীরে ধীরে আঙুল কাছে এনে আবার দূরে নিন। এতে চোখের ক্লান্তি কমে।

পুনরায় মনোযোগ ফিরিয়ে আনা

দূরের কোনো বস্তুর দিকে কয়েক সেকেন্ড তাকানোর পর নিজের আঙুলের দিকে নজর দিন। কয়েকবার এভাবে করলে চোখ আরাম পায়।

কলমের সাহায্যে অনুশীলন

একটি কলম সামনে ধরে ধীরে ধীরে চোখের কাছে আনুন। দ্বৈত ছবি দেখা শুরু হলে আবার দূরে সরিয়ে নিন। এতে দুই চোখের সমন্বয় উন্নত হতে পারে।

চারপাশে চোখ ঘোরানো

উপরে, নিচে, ডানে, বামে এবং কোণাকুণি দিকে কয়েক সেকেন্ড করে তাকান। এতে চোখের পেশি সক্রিয় থাকে।

চোখ গোল করে ঘোরানো

মাথা না নড়িয়ে চোখ ধীরে ধীরে বিভিন্ন দিকে ঘোরান। এটি চোখের চাপ কমাতে সহায়ক।

কী উপকার মিলতে পারে?

নিয়মিত চোখের ব্যায়াম করলে চোখের পেশি শক্তিশালী হতে পারে, রক্তসঞ্চালন বাড়তে পারে এবং চোখের ক্লান্তি কিছুটা কমতে পারে। পাশাপাশি মনোযোগ ধরে রাখতেও সহায়তা করে।

তবে সতর্ক থাকুন

বিশেষজ্ঞরা বলছেন, চোখের ব্যায়াম কোনো চিকিৎসার বিকল্প নয়। দীর্ঘদিন ঝাপসা দেখা, চোখে ব্যথা, দ্বৈত ছবি দেখা, মাথাব্যথা বা অন্য কোনো সমস্যা থাকলে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

চোখ ভালো রাখতে নিয়মিত বিশ্রাম, সুষম খাবার এবং প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি এসব সহজ ব্যায়ামও হতে পারে উপকারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর