মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
‘কোন ডিসেম্বরে আসবেন, ক্লিয়ার করেন’, শেখ হাসিনাকে দুলু স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে প্রযুক্তি ও গবেষণায় বড় রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী কিডনি রোগীদের জন্য বড় সুখবর, সব জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে : ডা. জুবাইদা রহমান শরীরের এই অঙ্গটি নীরবে আমাদের সুস্থ রাখতে কাজ করে যাচ্ছে   সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম নির্ধারণ মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে : স্বাস্থ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু নীরবে থাইরয়েড ক্যানসার বাড়ছে না তো? খেয়াল রাখুন ৫ লক্ষণ

বয়স্কদের স্বাস্থ্য নিয়ে বড় দুঃসংবাদ, যা জানালেন গবেষকরা

প্রতিনিধির নাম / ৩০ বার দেখা হয়েছে
আপডেট : August 21, 2026
বয়স্কদের স্বাস্থ্য নিয়ে বড় দুঃসংবাদ, যা জানালেন গবেষকরা

বিশ্বজুড়ে বয়স্কেদের জন্য বড় দুঃসংবাদ দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির স্বাস্থ্যবিষয়ক গবেষকরা। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের ভারতীয় উপমহাদেশগুলোতে এই ঝুঁকি আরও বেশি হতে পারে।

জানা যায়, ৬০ বছর বা তার বেশি বয়সী মানুষ আগের ধারণার তুলনায় অনেক কম তাপমাত্রাতেই চরম গরমের কারণে গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন, নতুন এক গবেষণায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। খবর গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়তে থাকায় ভবিষ্যতে ঘন ঘন ও দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের সবচেয়ে বড় ধাক্কা সামলাতে হবে বয়স্কদেরই। দ্য ল্যানসেট পাবলিক হেলথে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহের কারণে বিশ্বের বিপুলসংখ্যক মানুষ ‘আনকমপেনসেবল হিট স্ট্রেস’ (ইউএইচএস)-এ আক্রান্ত হতে পারেন। এই অবস্থায় শরীর নিজেকে ঠান্ডা রাখার ক্ষমতা হারিয়ে ফেলে এবং গুরুতর অসুস্থতা, এমনকি মৃত্যুর ঝুঁকিও তৈরি হয়।

গবেষণাটির নেতৃত্ব দেওয়া ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির স্বাস্থ্যবিষয়ক গবেষকদের মতে, বয়সভেদে মানুষের তাপ সহ্য করার সক্ষমতা বিবেচনায় নিলে দেখা যাবে—আগের ধারণার তুলনায় অনেক বেশি মানুষ দীর্ঘ সময় ধরে অসহনীয় তাপের মুখোমুখি হবেন।

অতিরিক্ত গরমে বয়স্কদের শরীর তুলনামূলকভাবে কম কার্যকরভাবে তাপ নিয়ন্ত্রণ করতে পারে। বয়স বাড়ার সঙ্গে ঘাম কম হয়, হৃদযন্ত্রকে বেশি পরিশ্রম করতে হয় এবং রক্তনালিগুলো প্রয়োজনমতো প্রসারিত হতে না পারায় শরীর ঠান্ডা রাখা কঠিন হয়ে পড়ে।

আগের গবেষণাগুলোতে মূলত ১৫-৩৯ বছর বয়সীদের জন্য নির্ধারিত তাপ সহনশীলতার সীমা অন্য বয়সীদের ক্ষেত্রেও প্রয়োগ করা হয়েছিল। ফলে বয়স্কদের হার্ট অ্যাটাকসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তুলনামূলকভাবে বেশি, এই বিষয়টি যথাযথভাবে প্রতিফলিত হয়নি।

নতুন গবেষণায় ১৫-৩৯ বছর বয়সী তরুণ, ৪০-৫৯ বছর বয়সী মধ্যবয়স্ক এবং ৬০ বছর বা তার বেশি বয়সীদের ঝুঁকি আলাদাভাবে বিবেচনা করা হয়েছে।

গবেষণার ফলাফল অনুযায়ী, বৈশ্বিক তাপমাত্রা প্রাক-শিল্পযুগের তুলনায় মাত্র ১.৫ ডিগ্রি সেলসিয়াস বাড়লেও বয়স্করা ক্ষতিকর ও প্রাণঘাতী তাপজনিত চাপের ঝুঁকিতে পড়তে পারেন। তরুণদের ক্ষেত্রে একই মাত্রার ঝুঁকি তৈরি হতে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস উষ্ণায়নের প্রয়োজন হতে পারে।

গবেষণায় বলা হয়েছে, বৈশ্বিক তাপমাত্রা প্রতি ১ ডিগ্রি সেলসিয়াস বাড়লে প্রতিবছর অন্তত ১৮০ ঘণ্টা ইউএইচএসের মুখোমুখি হওয়া মানুষের সংখ্যা প্রায় ১০ লাখ করে বাড়তে পারে। এর বড় অংশের বোঝা বহন করবেন বয়স্করা।

বিশ্বের ৬০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ২০৫০ সালের মধ্যে দ্বিগুণ হয়ে প্রায় ২১০ কোটি হতে পারে। ফলে বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে তাল মিলিয়ে তাপজনিত অসুস্থতার সংখ্যাও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশেষ করে ভারত ও পাকিস্তানের মতো নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে এই ঝুঁকি আরও বেশি হতে পারে।

গবেষকদের সতর্কতা, বৈশ্বিক উষ্ণায়ন অব্যাহত থাকলে ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলের কিছু এলাকা একসময় মানুষের বসবাসের জন্য অনুপযোগী হয়ে উঠতে পারে—বিশেষ করে বয়স্কদের জন্য।

যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি সম্প্রতি জানিয়েছে, ২০২৬ সালে দেশটিতে তাপজনিত মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। বছরের বিভিন্ন সময়ে দেশটির কিছু এলাকায় ইতোমধ্যে পাঁচটি তাপপ্রবাহ দেখা গেছে।

মে মাসের চার দিনের এবং জুনের আট দিনের তাপপ্রবাহ মিলিয়ে ২,৮৭৭টি অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে বলে সংস্থাটির হিসাব। ২০২৫ সালের গ্রীষ্মে অতিরিক্ত মৃত্যুর সংখ্যা ছিল ১,৫০৪।

সোয়ানসি ইউনিভার্সিটির তাপ ও মানবস্বাস্থ্যের ওপর প্রভাব নিয়ে গবেষণাকারী ড. সাইমন উইলিয়ামস বলেন, এই গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, আগামী বছরগুলোতে তাপপ্রবাহ ও চরম তাপ মানবস্বাস্থ্যের জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে উঠবে এবং এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে বয়স্কদের ওপর।

এজ ইউকের পরিচালক ক্যারোলিন আব্রাহামসও গবেষণার ফলাফলকে ‘উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছেন। তার মতে, অতিরিক্ত তাপ বয়স্কদের বিভিন্ন সাধারণ স্বাস্থ্যসমস্যাকে আরও গুরুতর করে তুলতে পারে। বয়স বাড়ার সঙ্গে শরীরের অতিরিক্ত গরম ও ঠান্ডার সঙ্গে খাপ খাওয়ানোর ক্ষমতাও কমে যায়।

যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানসের ক্লিনিক্যাল ভাইস-প্রেসিডেন্ট ড. হিলারি উইলিয়ামস বলেন, চরম আবহাওয়া ও তীব্র গরম এখন রোগীদের নিরাপত্তার জন্যও বড় বিষয়।

তাপপ্রবাহের সময় হাসপাতালে রোগীর চাপ বেড়ে যায়। অনেক বয়স্ক মানুষ পানিশূন্যতা, অজ্ঞান হয়ে যাওয়া কিংবা হৃদরোগ ও কিডনি রোগের মতো বিদ্যমান সমস্যার অবনতি নিয়ে হাসপাতালে আসেন।

এমনকি চলতি গ্রীষ্মে এক হাসপাতালের জেরিয়াট্রিক ওয়ার্ডের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল বলে জানিয়েছেন এক চিকিৎসক। ড. উইলিয়ামসের ভাষায়, “রোগী বা কর্মীদের জন্য এটি কোনোভাবেই নিরাপদ পরিবেশ নয়।”

গবেষণার মূল বার্তা: পৃথিবী যত উষ্ণ হবে, বয়স্কদের জন্য তাপপ্রবাহের ঝুঁকি তত বাড়বে। আর বিপদ শুধু প্রচণ্ড গরমের দিনেই নয়—আগের ধারণার চেয়েও কম তাপমাত্রায় এবং দীর্ঘ সময় ধরে বয়স্কদের শরীরে মারাত্মক তাপজনিত চাপ তৈরি হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর