আমরা আরামপ্রিয় জাতি। পরিশ্রমের কাজ বেশিরভাগ মানুষই করতে চাই না। আধুনিক প্রযুক্তি আমাদের আরও বেশি আরামপ্রিয় করে তুলেছেন। যেমন ধরুন- একতলা থেকে দোতলা বা তিনতলায় উঠতেও আমরা কয়েক মিনিট ধরে লিফটের অপেক্ষায় দাঁড়িয়ে থাকি। সিঁড়ি দিয়ে ওঠা ভুলেই যাচ্ছি।
অথচ গবেষণা বলছে, প্রতিদিন সিঁড়ি বেয়ে উঠলে হৃদরোগের ঝুঁকি ২০ শতাংশ কমে যায়। শুধু তাই নয়, নিয়মিত সিঁড়ি ওঠা ও নামা ওজন কমাতেও সাহায্য করে। আসুন জেনে নিই প্রতিদিন ১৫ মিনিট সিঁড়ি বেয়ে আমরা কী কী বিস্ময়কর স্বাস্থ্য সুবিধা পেতে পারি।
ওজন হ্রাস
সিঁড়ি বেয়ে ওঠার সময় শরীরের পেশী সক্রিয় হয়ে ওঠে এবং ক্যালরিও দ্রুত পুড়ে যায়। প্রতিদিন ১৫ মিনিটের জন্য সিঁড়ি বেয়ে উঠা একজন ব্যক্তির শরীরকে অ্যারোবিক ব্যায়ামের মতো উপকার দেয়, যা ওজন কমাতে সাহায্য করে।
শক্তিশালী পেশী
সিঁড়ি বেয়ে ওঠা উরু, পা, পেট এবং নিতম্বের পেশী শক্তিশালী করে। যার কারণে শরীরের এই অঙ্গগুলোর পেশীগুলো টোন হয়ে যায় এবং তাদের শক্তিও বৃদ্ধি পায়। সিঁড়ি আরোহণ শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, যা পড়ে যাওয়া এবং মচকে যাওয়ার ঝুঁকি কমায়।
হার্টের স্বাস্থ্যের জন্য ভালো
সিঁড়ি বেয়ে উঠলে হার্টের স্বাস্থ্য ভালো থাকে। সিঁড়ি বেয়ে ওঠা রক্ত সঞ্চালন উন্নত করে এবং ভালো কোলেস্টেরল বাড়ায়, যা হার্টকে সুস্থ রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। এছাড়াও এটি উচ্চ রক্তচাপের ঝুঁকি কমিয়ে কিছুটা হলেও ডায়াবেটিসের মতো রোগ থেকে রক্ষা করে।
জয়েন্টগুলোর জন্য উপকারী
সিঁড়ি বেয়ে উঠার ফলে জয়েন্টগুলোতে ব্যায়াম হয়। আপনি যদি জয়েন্টে ব্যথার অভিযোগ করতে থাকেন, তাহলে প্রতিদিন ১০ মিনিটের জন্য সিঁড়ি বেয়ে উঠা এবং নামতে শুরু করুন। প্রতিদিন সিঁড়ি বেয়ে ওঠা এবং নামা বাতের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে।
মানসিক চাপ চলে যায়
সিঁড়ি আরোহণ শুধু শারীরিক কার্যকলাপের জন্যই ভালো নয়, এটি আপনার মানসিক স্বাস্থ্যও ভালো রাখে। সিঁড়ি বেয়ে ওঠা এবং নামা একজন ব্যক্তির মানসিক চাপ কমায়।
সিঁড়ি বেয়ে উঠলে এন্ডোরফিন হরমোন নিঃসৃত হয়, যা মেজাজ উন্নত করে এবং মানসিক চাপ কমায়। এ ছাড়া সিঁড়ি বেয়ে ওঠা মস্তিষ্কে রক্ত চলাচল বাড়ায়, যা মনোযোগ দেওয়ার ক্ষমতা বাড়ায়।