পৌষ মাস শেষ হয়ে মাঘের শুরু। এবছর তাপমাত্রার পারদ খুবই ওঠা নামা করেছে। ফলে বিভিন্ন রোগের সংক্রমণ ছড়াচ্ছে। শীতের শেষে বসন্তের আগমনের সময় আবহাওয়া পরিবর্তনের সঙ্গে ঘরে ঘরে নানা রোগ দেখা দেয়। ঘরে ঘরে সর্দি, কাশি, জ্বর ইত্যাধি লেগেই রয়েছে। সাধারণত, মাঘ- ফাল্গুন মাসে অন্য আরও একাধিক অসুখের সঙ্গে হাম – চিকেন পক্স বা জল বসন্ত হানা দেওয়ার সময়। তবে ঠাণ্ডা- গরম লেগে এখনই অনেকেই কবলে পড়ছেন চিকেন পক্সের।
বসন্তের শুরুতে জলবসন্ত বা চিকেন পক্সের প্রাদুর্ভাব বাড়ে। তাই এসময়ে অনেক বেশি স্বাস্থ্য সচেতন হতে হয়। আর চিকেন পক্স যদি হয়েই যায় তবে নিতে হবে বাড়তি যত্ন। এটি এক ধরণের ভাইরাস ঘটিত সংক্রমণ, যেটি ছোঁয়াচে। এসব রোগ থেকে বেঁচে থাকাটাই কঠিন। বায়ুবাহিত অসুখ হওয়ায় চিকেন পক্স রোগকে আটকানোর তেমন কোনও উপায় থাকে না। তবে আক্রান্ত রোগী থেকে যতটা সম্ভব দূরে থাকা যায় ততোই ভালো। বাতাসের মাধ্যমে এই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে।
চিকেন পক্স হলে শরীরে যে গুটি গুটি দেখা যায়, তরল পদার্থ ভরা ওই ভ্যাসিকুলার র্যাশগুলি প্রচণ্ড চুলকায় এবং অনেক সময় জ্বরও আসে। তাই এই রোগে আক্রান্ত হলে রোগীকে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। সেই সঙ্গে খাওয়া-দাওয়ার বিশেষ যত্ন করা উচিত এসময়। জানুন, পক্সে হলে দ্রুত সুস্থ হতে কী খাবেন আর কী খাবেন না জেনে নিন-
কী খাবেন?
পানি খাওয়া বাড়ানো: চিকেনপক্সের সময় শরীরে পানিশূন্যতা দেখা দেয়। এ কারণে প্রচুর পরিমাণে পানি খাওয়ার চেষ্টা করুন। পানি ফুটিয়ে ঠান্ডা করে খান।
ফলের পরিমাণ বাড়ান: চিকেন পক্সের সময় বেশি করে ফল খাওয়ার চেষ্টা করুন। আঙুর, কলা খেতে পারেন। এই ফলগুলি এমনি খেতে ভাল না লাগলে, মিল্কশেক এবং জ্যুস আকারে খেতে পারেন।
ডাবের পানি: এতে শূন্য ক্যালোরিসহ শরীরের প্রয়োজনীয় খনিজ এবং ভিটামিন রয়েছে। যা, আপনার শরীরে শীতল প্রভাব সরবরাহ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।
সিদ্ধ সবজি: তেল ছাড়া সিদ্ধ সবজি খাওয়ার চেষ্টা করুন। সেক্ষেত্রে গাজর, মিষ্টি আলু, আলু এবং বাঁধাকপি খেতে পারেন।
দই : এটি ত্বক নিরাময়ে খুবই কার্যকরী। এতে ক্যালসিয়াম এবং প্রোবায়োটিকও রয়েছে। তাই দই খাওয়ার চেষ্টা করুন।
ভিটামিন সি সমৃদ্ধ খাবার: খাদ্যতালিকায় ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন- ব্রকলি, পেঁপে, কিউই এবং স্ট্রবেরি রাখুন।
নিম পাতা : অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিম্যালারিয়াল, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিফাঙ্গাল সমৃদ্ধ নিম পাতা চিকেন পক্স নিরাময় করে। নিম পাতার রস খেলে উপকার পাওয়া যায়। এছাড়া নিম সিদ্ধ পানি দিয়ে গোসল করলেও উপকার পাবেন ।
কোন খাবারগুলো একেবারেই চলবে না
অতিরিক্ত তেল মসলাযুক্ত খাবার: শরীর সুস্থ রাখতে চিকিত্সকরা অতিরিক্ত তেল মসলাযুক্ত খাবার খেতে নিষেধ করেন। চিকেন পক্স হলে মুখের ভিতরে ছোট ছোট ক্ষত সৃষ্টি হয়, তাতে ঝাল লাগলে প্রদাহ তিনগুণ বেড়ে যেতে পারে। তাই তেল-ঝাল-মসলাযুক্ত খাকার থেকে দূরে থাকুন।
বেশি ড্রাই ফ্রুট: আখরোট, চীনাবাদাম, কিসমিশের মতো খাবারে এক প্রকার অ্যামাইনো অ্যাসিড থাকে, যা চিকেন পক্সের জীবাণুর বংশ বিস্তার করে। এমনিতে এই অ্যাসিড শরীরের পক্ষে ভাল হলেও চিকেন পক্স হলে এই খাবার থেকে দূরে থাকুন।
চর্বি জাতীয় খাবার: চর্বি জাতীয় খাবার যেমন-মাখন, তেল, বাদাম, পনির, নারকেল বা চকোলেট জাতীয় খাবারে অতিরিক্ত পরিমাণে ফ্যাট থাকে, যা পক্সের প্রদাহ বাড়িয়ে দিতে পারে।